মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে তৃতীয় হিজরি শতাব্দীর একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি। ঐতিহাসিক এই নিদর্শন কোরআনের পাণ্ডুলিপি তৈরির প্রাথমিক সময়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
জাদুঘরে রাখা প্রাচীন পাণ্ডুলিপিটিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে। প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা এই পাণ্ডুলিপির অক্ষরগুলোতে কোনো হরকত বা নুকতা ব্যবহার করা হয়নি। প্রাচীনকালে কোরআন লিপিবদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের হরকত ও নুকতাবিহীন লেখার প্রচলন ছিল।
এই পাণ্ডুলিপি দর্শনার্থীদের কোরআনের লিখনপদ্ধতির পরিবর্তন ও বিকাশ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে পবিত্র কোরআন কীভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধ করা হতো, সে বিষয়েও জানার সুযোগ করে দিচ্ছে।
হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত কোরআন জাদুঘরটিতে পবিত্র কোরআনের ইতিহাস, সংকলন ও লিখনপদ্ধতির বিভিন্ন ধাপ তুলে ধরা হয়েছে। পাশাপাশি কোরআনকে ঘিরে বিভিন্ন জ্ঞান-বিজ্ঞান ও ঐতিহাসিক বিষয়ও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
আধুনিক প্রদর্শনী হলের পাশাপাশি ইন্টার্যাকটিভ প্রযুক্তি ব্যবহার করে জাদুঘরটিতে দর্শনার্থীদের জন্য তথ্যসমৃদ্ধ ও শিক্ষামূলক অভিজ্ঞতার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে কোরআনের ইতিহাস ও পাণ্ডুলিপির ক্রমবিকাশ সম্পর্কে আরও সহজে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।



