‘মক্কা প্রতিরক্ষা জোটের’ প্রথম মহাসচিব পাকিস্তানি, সদর দপ্তর রিয়াদে

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে সৌদি আরবে একটি সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।
ইস্তাম্বুলের ওই বৈঠকে তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষা চুক্তির আওতায় সম্মিলিত সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে।
চলতি আগস্টের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে সই করে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় তিন দেশের যৌথ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করাই চুক্তিটির অন্যতম মূল উদ্দেশ্য।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তিন দেশের কোনো একটি সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশও ঘটনাটিকে নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে।
নতুন সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তির আওতায় তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সমন্বয় এবং যৌথ কার্যক্রম আরও কাঠামোবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।



