আন্তর্জাতিক

এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়ে আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬’-এ তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত প্রতিযোগিতাটি গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার ‘এ-২’ গ্রুপে অংশ নিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের এই হাফেজ। তার সুমধুর ও সাবলীল তিলাওয়াত বিচারকদের প্রশংসা কুড়ায়। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাকে সনদ ও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে।

এর আগে একই প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন। এবার সাদের সাফল্যের মাধ্যমে সেই ধারাবাহিকতায় আরও একটি অর্জন যুক্ত হলো।

সাদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম। তিনি বলেন, হাফেজ সাদ নূরের এই অর্জনের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এটি শুধু সাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, কোরআনের আদর্শ ও শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলাই তাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। যেন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কোরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button