‘২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলার সময় নিজেদের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ২০০টির বেশি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘বিমান প্রতিরক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানান।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সক্ষমতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য এতটাই উন্নত এবং গোপন ছিল যে, শত্রু বাহিনী বুঝতে পারেনি কোন প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তাদের উড়োজাহাজে আঘাত হানা হয়েছে।
ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে মরুভূমি, উপকূলীয় এলাকা, পাহাড় ও বিভিন্ন দ্বীপসহ ৩ হাজার ৮০০টিরও বেশি দুর্গম স্থানে বিমান প্রতিরক্ষা ইউনিট মোতায়েন রয়েছে। এসব ইউনিট শত্রুভাবাপন্ন উড়োজাহাজ ও ড্রোন শনাক্ত করার পাশাপাশি তা প্রতিহত ও ধ্বংস করার সক্ষমতা রাখে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, দেশের সার্বভৌমত্ব ও মাতৃভূমি রক্ষায় ইরানের জনগণ আগামী ২০ প্রজন্ম পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতার এই সাফল্য তুলে ধরল ইরানের সামরিক নেতৃত্ব।



