গ্রাম বাংলাদেশবাংলা

মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মশাল হাতে যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে শহরের চালাপাড়া পাইলিং রোডে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন লোক জ্বলন্ত মশাল হাতে জয় বাংলা স্লোগান দিয়ে বানিয়া বাজার ব্রিজপাড় এলাকার দিক থেকে চালাপাড়া এলাকা হয়ে ফৌজদারি মোড়ের দিকে আসতে থাকে। মিছিলটির সামনে একটি ব্যানার দেখা যায়। সে ব্যানারে লেখা, অবৈধ ক্যাঙ্গারু কোর্টের ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আয়োজনে জামালপুর জেলা যুবলীগ।

মিছিলটিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, যুবলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এসব স্লোগান দিতে শুনা যায়। পরে রাত দেড়টার দিকে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে মিছিলে থাকা কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

জামালপুর জেলা ছাত্রশক্তি আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জামালপুরে প্রশাসনের নাকের ডগাই এত বড় মিছিল হয়ে গেল, কিন্তু প্রশাসন কাউকে ধরতে পারল না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আজ এই মিছিল হওয়ার কারণে জামালপুরের প্রশাসন নিজেদের ব্যর্থতার প্রমাণ দিলো।

তবে এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবকে ফোন করা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button