বিনোদন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

বিনোদন ডেস্ক: একটি সংসার মানেই শুধু চার দেয়ালের মধ্যে বসবাস নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, অভিমান, দায়িত্ব, ত্যাগ আর অসংখ্য না-বলা গল্প। সেই গল্পের আড়ালে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন স্ত্রী। নিজের ক্লান্তি ভুলে পরিবারের সবার মুখে হাসি ফোটানো, স্বামীর কঠিন সময়ে পাশে থাকা কিংবা সন্তান ও সংসার সামলাতে সারাদিন ছুটে চলা—এসব অবদানের অনেকটাই হয়তো আলাদা করে কখনো স্বীকৃতি পায় না।

তাই অন্তত একটি দিন প্রিয় মানুষটিকে একটু আলাদাভাবে বলা যেতেই পারে—‘আমার জীবনে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আজ সেই উপলক্ষ। সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় ‘স্ত্রীর প্রশংসা দিবস’ বা ‘Wife Appreciation Day’।

বিভিন্ন দেশে দিবসটি পালনের প্রচলন রয়েছে। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। মূলত দাম্পত্য জীবনে স্ত্রীর ভালোবাসা, যত্ন, দায়িত্ব ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই এ দিবসের উদ্দেশ্য।

সংসার ও কর্মজীবনের ব্যস্ততায় স্বামী-স্ত্রীর সম্পর্কেও অনেক সময় একঘেয়েমি চলে আসে। অফিস, ঘরের কাজ, সন্তান ও নানা দায়িত্বের চাপে প্রিয় মানুষটিকে ‘ভালোবাসি’ বলার সময়টুকুও যেন হারিয়ে যায়। অথচ কাছের মানুষটির মুখ থেকে দুটো প্রশংসার কথা শুনতে কার না ভালো লাগে?

তাই আজকের দিনটিতে বড় কোনো উপহারের প্রয়োজন নেই। ফেরার পথে প্রিয় স্ত্রীর জন্য একগুচ্ছ ফুল নিয়ে যেতে পারেন। হঠাৎ করে বলে দিতে পারেন, ‘তোমাকে ছাড়া আমার সংসারটা অসম্পূর্ণ।’ কিংবা দিনের ব্যস্ততা শেষে দুজন মিলে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পারেন। সামান্য এই উদ্যোগই হয়তো তার মুখে এনে দিতে পারে প্রশান্তির হাসি।

চাইলে হাতে লিখে দিতে পারেন ছোট্ট একটি চিঠিও। সেখানে জানাতে পারেন, সংসারের আড়ালে তার করা ছোট ছোট কাজগুলো আপনার চোখ এড়ায়নি। তার ত্যাগ ও পরিশ্রমের মূল্য আপনি বোঝেন। জীবনের কঠিন সময়ে তার হাতটি পাশে পাওয়াটা আপনার জন্য কতটা স্বস্তির—সেটিও জানাতে পারেন।

কারও কাছে স্ত্রী তার ভালোবাসার মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারও কাছে জীবনের কঠিন সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। সম্পর্কের সংজ্ঞা যাই হোক না কেন, জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই তুচ্ছ নয়।

তাই আজ কিছুটা সময় ব্যস্ততা থেকে দূরে রেখে প্রিয় মানুষটির পাশে বসুন। তার চোখের দিকে তাকিয়ে শুধু বলুন—‘আমার জীবনে তোমার মতো একজন মানুষ থাকা আমার সবচেয়ে বড় পাওয়া। তোমাকে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনই প্রিয় মানুষটির প্রতি যত্ন ও কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। তবে একটি বিশেষ দিন যদি সেই ভালোবাসা নতুন করে প্রকাশের সুযোগ করে দেয়, তাহলে সেটির গুরুত্বও কম নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button