বাংলাদেশসরকার

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

বাংলা টিভি ডেস্ক: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদে এবং সংশ্লিষ্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রচারবার্তায় জানানো হবে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবার সরকারি সহায়তার জন্য বেশি প্রয়োজনীয়, তা নির্ধারণ করা হবে। এ কারণে পরিবারগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়টি তুলে ধরা হবে।

প্রচারবার্তায় বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাঁকে বিশ্বাস করা যাবে না। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার আহ্বানের পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার কথা বলা হবে। তথ্য সংগ্রহের সময় যেন এসব পরিবারের কেউ বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

প্রচারবার্তায় আরও বলা হয়েছে, কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর জন্য।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button