বাংলাদেশ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বগুড়ার সাহেদের, স্বজনদের আহাজারি

বগুড়া প্রতিনিধি( ডিজিটাল): ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফিরেছিলেন সৌদিআরব প্রবাসী সাহেদ আহমেদ আশিক (৩৫)। স্বজনদের সঙ্গে ছিল আবার দেখা হওয়ার প্রত্যাশা। কিন্তু সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারজুড়ে চলছে শোক ও আহাজারি।

নিহত সাহেদ আহমেদ আশিক শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার রফিকুল ইসলামের ছেলে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর জানা যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হন। তাঁদের একজন বগুড়ার সাহেদ আহমেদ আশিক।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন সাহেদ। তাঁর বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। মা শাহেরা আক্তার ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। দেশে সাহেদের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

সাহেদের ভাই মাসুম রানা জানান, প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তাঁর ভাই। রিয়াদ হয়ে তাঁর কর্মস্থল জেদ্দায় যাওয়ার কথা ছিল।

মাসুম রানা বলেন, রিয়াদে পৌঁছানোর পর তাঁর ভাইয়ের সঙ্গে ভাবির সর্বশেষ কথা হয়। তখন সাহেদ জানিয়েছিলেন, তিনি রিয়াদে পৌঁছেছেন। সেখান থেকে জেদ্দায় যেতে আরও দেড় ঘণ্টার মতো সময় লাগবে। জেদ্দায় পৌঁছে আবার ফোন করবেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় ছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর তাঁদের শোকস্তব্ধ করে দেয়। সরকারের কাছে সাহেদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, তিনি মানুষের মুখে বিষয়টি শুনেছেন। তবে সাহেদের মৃত্যুর বিষয়ে সরকারি পর্যায় থেকে কোনো তথ্য পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button