বাংলাদেশ

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থীর

বাংলা টিভি ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। পড়াশোনার সুবাদে তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন নাবিল। পথে তপোবন আবাসিক এলাকার সামনে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা নাবিলের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত নাবিলকে উদ্ধার করে প্রথমে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানান, নাবিলের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনরা। তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও গেছেন বলে জানা গেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button