বাংলাদেশ

দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল

বাংলা টিভি ডেস্ক: আসন্ন দুর্গাপূজায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকাগামী রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

দুর্গাপূজায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো—

কক্সবাজার এক্সপ্রেস: ঢাকা–কক্সবাজার রুটে ১৯ ও ২০ অক্টোবর।

জাহানাবাদ এক্সপ্রেস: ঢাকা–খুলনা রুটে ১৯ অক্টোবর।

রূপসী বাংলা এক্সপ্রেস: ঢাকা–বেনাপোল রুটে ১৯ অক্টোবর।

পদ্মা এক্সপ্রেস: ঢাকা–রাজশাহী রুটে ২০ অক্টোবর।

মধুমতি এক্সপ্রেস: ঢাকা–রাজশাহী রুটে ২৪ অক্টোবর।

নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তৎপরতা বাড়ানো হয়েছে।

এ ছাড়া কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধেও নজরদারি জোরদার করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানেরা।

এ ছাড়া ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের বাড়তি চাপ বিবেচনায় বিশেষ ট্রেন পরিচালনা, কোচ বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের মাধ্যমে রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button