বাংলাদেশ

সাজেক বন্ধ ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনিবার্য কারণ উল্লেখ করে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

এ ছাড়া বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণার নির্দিষ্ট কারণ গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button