আন্তর্জাতিক

ওমরাহ করা হলো না, হুথিদের হামলায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি মাদরাসাশিক্ষক মোহাম্মদ নাসরুল্লাহ বদর (৩৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত নাসরুল্লাহ বদর মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁর ভগ্নিপতি মাওলানা মো. নাসিরুদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের বরাতে জানা যায়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার (১০ অক্টোবর) সকালে ৪৫ সদস্যের একটি দলের সঙ্গে ঢাকা থেকে যাত্রা করেন নাসরুল্লাহ বদর। রিয়াদ বিমানবন্দরে তাঁদের দুই ঘণ্টার ট্রানজিট ছিল। সেখান থেকে মক্কার উদ্দেশে বিমান ছাড়ার প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটে। এতে নাসরুল্লাহসহ ১২ জন নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই দলের সদস্যদের মধ্যে ৩২ জন সুস্থ রয়েছেন এবং বাকি ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তাঁর ভগ্নিপতি।

নাসরুল্লাহ বদর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর দুই ছেলে জামিল (৭) ও জাওয়াদ (২), আর একমাত্র মেয়ে নাবিলার বয়স পাঁচ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।

মাওলানা নাসিরুদ্দিন বলেন, নাসরুল্লাহর মৃত্যুর খবরে পুরো পরিবার ভেঙে পড়েছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে তাঁরা মৃত্যুর খবর পেয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button