‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ সিলেটে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বাংলা টিভি ডেস্ক: সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, আমিন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ডে জড়িত।
রোববার (১১ অক্টোবর) রাতে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১২ অক্টোবর) সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয়কে প্রাণ দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। সিলেট কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন জড়িত এবং এর পেছনে ঠিক কী ঘটেছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



