রাজনীতি

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: সরকারের পক্ষ থেকে বিধবা কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে তা নিতে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। দেশে মেধা ও যোগ্যতার পরিবর্তে পরিবারতন্ত্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও নিয়োগের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাচ্ছেন বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে সারের ডিলারশিপ বণ্টনের বিষয়টি তুলে ধরে হাসনাত বলেন, সম্প্রতি সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের ছেলে, মেয়ে ও শ্যালিকাদেরও সুযোগ পাওয়ার ঘটনা দেখা গেছে।

সরকারি সহায়তা বণ্টনে বৈষম্যের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, বিধবা ও বেকারদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলেও সংসদ সদস্যদের পরিবারের সদস্যরাই সবার আগে সেই সুবিধা নেওয়ার চেষ্টা করবেন—দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির মানসিকতা থেকে বেরিয়ে এসে যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। এ ধরনের বাংলাদেশ গড়তে তিনি তরুণদের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষপর্বে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button