গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে খাইরুল ইসলামকে (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।
এসআরবি ও এজাহারের বিবরণ থেকে জানা গেছে, ওই গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। সেই সুবাদে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন শিক্ষক খাইরুল। ছাত্রীর পড়াশোনার খোঁজ-খবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। গত ৮ আগস্ট বিকালে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং আপত্তিকর ভিডিও ধারণ করেন।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে খাইরুলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



