বাংলাদেশ

ড. ইউনূস ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি জানিয়েছেন, ড. ইউনূস সুস্থ আছেন এবং এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ জানান, জেএফকে বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে ঘিরে ধরার মাত্র কয়েক মিনিট আগে ছবিগুলো তোলা হয়েছিল। পুরো যাত্রাপথে তিনি ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন লামিয়া। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

ঘটনার নিন্দা জানিয়ে লামিয়া মোরশেদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণের মধ্য দিয়ে তাদের চরম অসৌজন্যতা ও হীন মানসিকতার প্রকাশ ঘটেছে। তবে এ ঘটনায় ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি। এ সময় দুঃসময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং বার্তা পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার পথরোধ করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে ড. ইউনূসের সফরসঙ্গীরা দ্রুত তাকে হুইলচেয়ারে করে টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তিরা তার পেছনে গিয়ে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে থাকেন।

সফরসঙ্গীদের দ্রুত পদক্ষেপে ড. ইউনূসকে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়। তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button