ছেলের মৃত্যুশোকে মায়ের মৃত্যুু, একই কবরস্থানে দাফন

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাইফুল সরকার (৫৯) মারা যান। দুপুরে ছেলের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর তার মা তারা বানুর (৮৫) মৃত্যু হয়। পরে মা ও ছেলেকে একই কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা সাইফুল সরকার মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে। পরে বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ছেলের দাফনের কিছুক্ষণ পরই মারা যান তার মা তারা বানু।
স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুতে গভীর শোকের কারণে মারা গেছেন তারা বানু। তবে শোকের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ধুবিল ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন জানান, সাইফুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হলে দুপুরে দাফন করা হয়। পরে বিকেল ৫টার দিকে তার মা তারা বানুকে দাফন করা হয়। মা ও ছেলেকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানেই সমাহিত করা হয়েছে।
ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই মা মারা গেছেন বলে স্থানীয়দের ধারণা উল্লেখ করে ছানোয়ার হোসেন আরও বলেন, তারা বানুর বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলেও তিনি মোটামুটি সুস্থ ছিলেন। অন্যদিকে, সাইফুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।



