‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে’

মাদারীপুর প্রতিনিধি: দেশের ভেতরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্যর্থ হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অথচ গণঅভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এনসিপি আহ্বায়ক প্রশ্ন তুলে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশের জনগণ কোথায় যাবে? তার ভাষ্য, সরকারের ব্যর্থতা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এসব অর্জন সত্ত্বেও বিদেশে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি করার পরও সেই দেশেই সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন। তার মতে, এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দায় রয়েছে এবং এ দায় তাকে নিতে হবে।
মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।



