পানির দাম ২ রুপি বেশি রাখায় ১ লাখ রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের হাথরাসে পানির বোতলের নির্ধারিত দামের চেয়ে ২ রুপি বেশি নেওয়ার অভিযোগে একটি রেস্তোরাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছেন ভোক্তা সুরক্ষা কমিশন। পাশাপাশি অভিযোগকারীকে ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার রুপি এবং আইনি খরচ বাবদ ৫ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘বিবিসিএন রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল’ নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর আলিগড়ের জেলা ভোক্তা সুরক্ষা কমিশন এ রায় দেন।
যেভাবে ঘটনার সূত্রপাত
ঘটনাটি গত ১১ মার্চের। সেদিন আলিগড়ের বাসিন্দা অঙ্কুর আগরওয়াল ওই রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় তিনি এক বোতল পানি কেনেন। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৮ রুপি লেখা থাকলেও রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার কাছ থেকে ২০ রুপি আদায় করে।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ নেওয়ায় বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুর। পরে তিনি আলিগড়ের জেলা ভোক্তা সুরক্ষা কমিশনে রেস্তোরাঁটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সমর্থনে শুনানির সময় তিনি রেস্তোরাঁর বিল ও পানির বোতলের ছবি জমা দেন। এসব নথিতে পানির বোতলের জন্য ২০ রুপি আদায়ের বিষয়টি স্পষ্ট হয়, যদিও বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল ১৮ রুপি।
কমিশনের পক্ষ থেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল। তবে শুনানিতে তাদের পক্ষে কেউ উপস্থিত হয়ে যুক্তি উপস্থাপন করেননি।
কমিশনের রায়
গত ১২ অক্টোবর দেওয়া রায়ে কমিশন জানায়, পণ্যের গায়ে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া অন্যায্য ব্যবসায়িক চর্চা। এ কারণে রেস্তোরাঁটিকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এই অর্থ ভোক্তা কল্যাণ তহবিলে জমা দিতে হবে।
এ ছাড়া অভিযোগকারী অঙ্কুর আগরওয়ালকে ১ হাজার রুপি ক্ষতিপূরণ এবং মামলা পরিচালনার খরচ বাবদ আরও ৫ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধের জন্য রেস্তোরাঁটিকে ৪৫ দিন সময় বেঁধে দিয়েছেন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
সূত্র: এনডিটিভি



