বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪০০টি সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৪৮টি সিলিন্ডার লুট হওয়া ৪০০টির অংশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যেভাবে ঘটেছিল ডাকাতি

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক।

পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

এরপর ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের নির্জন সড়কে ট্রাকটি থামানো হয়। সেখানে দুটি মিনিট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। তাঁর বাবা মৃত মোহাম্মদ পান্না উল্লাহ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button