বাংলাদেশ

স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, বিদ্যালয়ের দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন হাতে পান তিনি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি তাঁদের বদলির সুপারিশও পাঠানো হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। সম্প্রতি বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জানা যায়, ওই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁরা সংঘর্ষে জড়ান বলে জানা গেছে।

গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে আলাদা থাকেন তাঁরা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে আফজাল হোসেন ও আসমা বেগমের মধ্যে মারামারি হয়। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক মেয়ে রয়েছে, যিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা বসবাস করছেন। তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

আফজাল হোসেন ও আসমা বেগম দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button