বাংলাদেশ

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

বাংলা টিভি ডেস্ক: নাটোরের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক আচরণ করলে কিংবা হুমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুর্গামন্দিরগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জানানো হয়, নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গামন্দিরে সরকারি অনুদান হিসেবে চাল দেওয়া হচ্ছে।

বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, হিন্দু-মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। ঈদ ও পূজার মতো উৎসবগুলোতে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যাতায়াত, আনন্দ ভাগাভাগি ও সৌহার্দের সম্পর্ক ছিল। তবে গত ১৭ থেকে ১৮ বছরে সেই সামাজিক সম্প্রীতির পরিবেশ আগের মতো ছিল না বলে মন্তব্য করেন তিনি।

দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, হিন্দুরা তাঁদের ভোট দিয়েছেন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও তাঁদের।

হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে সংসদ সদস্য বলেন, কেউ কোনো ধরনের হুমকি দিলে বা অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাঁকে সরাসরি জানাতে হবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, নাটোর ও নলডাঙ্গা এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করতে তিনি পাশে থাকবেন। কেউ তাঁদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করলে কিংবা ভয়ভীতি দেখালে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে। এ সময় তিনি হুমকিদাতাদের উদ্দেশে বলেন, তাঁদের ‘বিষদাঁত ভেঙে দেওয়া হবে’। কোনো ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অন্যায় করে পার পেয়ে যাবেন—এমনটা ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button