বাংলাদেশপ্রধানমন্ত্রী

পূজামণ্ডপ দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দলীয় পর্যায়েও নানা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

জেলা প্রশাসক জানান, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন। এ উপলক্ষে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত রাখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কোন মন্দিরে তিনি যাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সফরসূচিতে যা রয়েছে

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির, যা ধর্মসভা নামে পরিচিত, পরিদর্শনে যাবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

বিএনপির সাংগঠনিক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে রংপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। স্থানীয় নেতাদের মধ্যে সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি এবং পারস্পরিক ঐক্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। সভায় জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

মন্দির পরিদর্শনে নিরাপত্তা প্রস্তুতি

রংপুরের গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গামন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তাঁরা এখনো প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাননি। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা মন্দিরটি পরিদর্শন করেছেন। তাঁরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন।

রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীর বাইরে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শারদীয় দুর্গোৎসবের আয়োজন পরিদর্শনে প্রধানমন্ত্রীর আসার বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে রংপুরে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। তবে সফরসূচি ও পরিদর্শনস্থল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button