আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন ও লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি জনসেবার মান নিয়ে অসন্তোষ থেকে ফ্রান্সের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেল ৩টা পর্যন্ত অন্তত ২৭২ জনকে আটক করা হয়।

ফরাসি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের রিপাবলিক চত্বরে মুখোশ পরা একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ সময় কয়েকটি গাড়ি ও সড়কের পাশে থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

জ্বালানি, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে সরকারি জনসেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা, শিক্ষকসংকট ও শিক্ষার পরিবেশ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। পরবর্তী সময়ে শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে যোগ দেন। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে বেতন ও পেনশন বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো এবং সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মান উন্নত করা।

এদিকে, চলমান বিক্ষোভের সঙ্গে ২০১৮ সালে ফ্রান্সে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের তুলনা সামনে এসেছে। এবারের বিক্ষোভেও অনেককে ওই আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত হলুদ জ্যাকেট পরে অংশ নিতে দেখা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button