রাজনীতি

‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

বাংলা টিভি ডেস্ক: জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া পোস্টকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ফয়সাল আলিম। সেখানে ল্যাপটপ বিতরণ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গত ছয় মাসে বিভিন্ন প্রকল্পে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে বিস্তারিত তথ্য বা নথি তুলে ধরেননি তিনি।

সার ডিলারশিপ বরাদ্দ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই বিএনপি নেতা। তাঁর অভিযোগ, নির্যাতিত নেতা-কর্মীদের বঞ্চিত করে ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি কয়েকজন নিজেদের আত্মীয়দের এ সুযোগ করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। পোস্টের শেষে জয়পুরহাটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফয়সাল আলিম।

তাঁর পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ তাঁর সমালোচনা করেছেন। কয়েকজন মন্তব্যকারী স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে তাঁদের করা পৃথক অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

জয়পুরহাট জেলা পরিষদ সম্প্রতি জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করেছে। ওই কর্মসূচিতে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফয়সাল আলিম বলেন, কারা ল্যাপটপ ভাগাভাগি করেছেন, তা জয়পুরহাটের মানুষ জানেন। বিভিন্ন প্রকল্পে কমিশন নেওয়ার বিষয়টিও স্থানীয়দের জানা রয়েছে বলে দাবি করেন তিনি।

সার ডিলারশিপ বরাদ্দ প্রসঙ্গে ফয়সাল আলিম অভিযোগ করেন, সম্প্রতি বরাদ্দ পাওয়া কয়েকজন নিজেদের শাশুড়ি ও শ্যালকের নামে ডিলারশিপ নিয়েছেন। তাঁর প্রশ্ন, দলে যোগ্য নেতা-কর্মী থাকা সত্ত্বেও তাঁদের কেন এ সুযোগ দেওয়া হলো না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ফয়সাল আলিম বলেন, তাঁর বক্তব্য দলের বিরুদ্ধে নয়, বরং দলের স্বার্থেই। তাঁর দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেন না। সে কারণেই তিনি এসব বিষয় সামনে এনেছেন।

তবে ল্যাপটপ বিতরণ, বিভিন্ন প্রকল্পে কথিত কমিশন গ্রহণ এবং সার ডিলারশিপ বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে নির্দিষ্ট ব্যক্তি, প্রকল্প বা নথিভিত্তিক প্রমাণের বিস্তারিত জানাননি ফয়সাল আলিম।

এদিকে, ফয়সাল আলিমের ফেসবুক পোস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। তিনি বলেন, ফয়সাল আলিমের পোস্টটি তিনি দেখেছেন। তবে পোস্টটি নিয়ে তাঁর অসন্তোষ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button