বাংলাদেশ

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতি ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিস্তৃত হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের মতো বিভিন্ন দুর্যোগে তারেক রহমান প্রবাসে থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ নানা কর্মসূচি আয়োজন করেছে সংগঠনটি।

এ ছাড়া দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো উদ্যোগের কথাও তুলে ধরেন রিজভী। তাঁর মতে, এসব কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরিতে কাজ করছে ফাউন্ডেশনটি।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরাও ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে সংগঠনটির মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button