দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ফরাসি দম্পতির ভিডিও। এতে দেখা যায়, আশপাশে আগুন জ্বললেও একটি দোকানের বাইরের টেবিলে বসে নির্বিকারভাবে মদপান, ধূমপান ও গল্প করছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের বিখ্যাত আর্ক দ্য ত্রিয়োম্ফের কাছাকাছি একটি স্থানে ভিডিওটি ধারণ করা হয়। দম্পতির ঠিক পেছনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও তাদের মধ্যে উদ্বেগের কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি।
এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন একটি সড়ক দিয়ে এক তরুণীকে দৌড়ে যেতে। আশপাশে বিক্ষোভকারীদের উপস্থিতি এবং জ্বলন্ত বৈদ্যুতিক বাইকের স্তূপ থাকলেও তিনি নিজের পথে এগিয়ে যান।
ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে এসব ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৮৫৫ জনকে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পাশাপাশি বিলাসবহুল দোকানেও লুটপাটের ঘটনা ঘটে।
গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা জানান। এসব ঘটনার জন্য তিনি উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রকে দায়ী করেন।
তবে চলমান সংকটের মধ্যেই সোমবার তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ায় সমালোচনার মুখে পড়েন ম্যাক্রোঁ। সমালোচকদের কেউ কেউ তাঁর এই সিদ্ধান্তকে দেশের পরিস্থিতি থেকে বিচ্ছিন্নতা ও অহংকারের প্রকাশ বলে মন্তব্য করেন।
অন্যদিকে, ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ বিভিন্ন স্থানে কারফিউ জারির ঘোষণা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট



