প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বাংলা টিভি ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজের সামনে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামানোর সিদ্ধান্ত নেন। পরে তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
অধ্যক্ষ আরও জানান, এ সময় তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে লিখিত আবেদনও জমা দিয়েছেন তাঁরা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর কর্মসূচি শেষ করে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিরতির পর রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।



