আন্তর্জাতিক

প্রার্থনা পরিচালনার সময় মাথায় ক্রুশ পড়ে পাদ্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গির্জায় সান্ধ্যকালীন প্রার্থনা পরিচালনার সময় দেয়ালে ঝোলানো ভারী ক্রুশ মাথায় পড়ে এক রোমান ক্যাথলিক পুরোহিতের মৃত্যু হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। সম্প্রচারের মধ্যেই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

নিহত পুরোহিতের নাম প্যাট্রিসিও সানচেজ। তিনি উপকূলীয় শহর গুয়ায়াকিলের ‘পারপেটুও সোকোরো’ গির্জার দায়িত্বে ছিলেন। শহরটির আর্চডায়োসিস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রাজধানী কিটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে গুয়ায়াকিলে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, সান্ধ্যকালীন মাস পরিচালনা করছিলেন পুরোহিত সানচেজ। এ সময় তাঁর পেছনে দেয়ালে ঝোলানো একটি ভারী ক্রুশ হঠাৎ খুলে তাঁর মাথার ওপর পড়ে।

পেছন দিক থেকে ক্রুশটি পড়ে যাওয়ায় তিনি সেটি দেখতে পাননি। ক্রুশের আঘাতে তিনি গুরুতরভাবে আক্রান্ত হন। আকস্মিক এ ঘটনায় গির্জায় উপস্থিত প্রার্থনাকারীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে তাঁরা দ্রুত পুরোহিতকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন।

ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় দুর্ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত প্যাট্রিসিও সানচেজ ‘কনগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সদস্য ছিলেন। ১৭৩২ সালে প্রতিষ্ঠিত রোমান ক্যাথলিক ধর্মীয় সংগঠনটি বিশ্বের প্রায় ৮০টি দেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র: এবিসি নিউজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button