বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির নয়জন নেতাকর্মী। এ ঘটনায় তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। বাকিরাও অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদের ছেলে তাওসীফ আজাদ।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি জিডি করা হয়েছে। আবুল কালাম আজাদ সুইট জানান, প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় তাঁর ছেলে মঞ্চের পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে কেউ তাঁর ছেলের মোবাইল ফোনটি নিয়ে যায় বলে ধারণা করছেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, মোবাইল ফোন হারানোর ঘটনায় রাজপাড়া থানায় সাতটি এবং বোয়ালিয়া থানায় একটি জিডি হয়েছে। তবে ফোন হারিয়েছেন এমন কয়েকজন এখনো থানায় অভিযোগ করেননি।

ফোন হারানো ব্যক্তিদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। তিনি নিজের ফেসবুক পোস্টে জানান, রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় তাঁর মোবাইল ফোন চুরি হয়েছে। তাঁর ফোন থেকে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো বা বিব্রতকর কোনো পোস্ট প্রকাশিত হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধও জানান তিনি।

ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর পাঞ্জাবির পকেট কেটে ফোনটি নিয়ে যাওয়া হয়। তবে এ ঘটনায় তিনি তখনো জিডি করেননি। পরে অভিযোগ করার কথা জানিয়েছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি হয়েছে। তিনি আরও জানান, রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ফোনগুলো উদ্ধারে কাজ করবে। এ ঘটনায় অপরাধে জড়িত কাউকে শনাক্ত করা গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনসভাকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির মোবাইল ফোন হারানোর অভিযোগের পর ঘটনাগুলো তদন্ত করে ফোন উদ্ধার এবং দায়ীদের শনাক্ত করার বিষয়ে পুলিশের পদক্ষেপের দিকে নজর রয়েছে ভুক্তভোগীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button