কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

বাংলা টিভি ডেস্ক: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ উদ্যোগ বাধাগ্রস্ত করতে কোনো ‘দালাল মিডিয়া’ বা অপরাধী চক্র সফল হবে না বলেও মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৬ আসনের বাসিন্দাদের উদ্দেশে ইশরাক হোসেন জানান, মাদক প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। সংগঠনটি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহায়তাও গ্রহণ করবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল করা কঠিন।
তিনি আরও জানান, মাদকবিরোধী উদ্যোগের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক অভিযোগ করেন, কিছু সংবাদপত্র, অনলাইন মাধ্যম ও গণমাধ্যমের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও তাঁর এই উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে এসব বাধা উপেক্ষা করে উদ্যোগটি সফল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহর নির্ধারিত মৃত্যু ছাড়া কোনো গণমাধ্যমের গোষ্ঠী বা অপরাধী চক্র তাঁকে থামাতে পারবে না। একই সঙ্গে প্রচলিত কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন।



