বাংলাদেশ

ফুটপাতে খাবারের দোকান দিলেও লাইসেন্স লাগবে

বাংলা টিভি ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে দেশের সব ধরনের খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং আমদানিকারকদের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে।

এ লক্ষ্যে গত ১৬ জুলাই ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন বিধিমালা কার্যকরের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নিবন্ধন এবং লাইসেন্সের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএফএসএ জানিয়েছে, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে প্রথমবার নিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। এ ছাড়া খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে শতভাগ অনলাইনভিত্তিক আবেদনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

নতুন এই উদ্যোগের ফলে দেশের খাদ্য ব্যবসাগুলোকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনার পাশাপাশি খাদ্য উৎপাদন, বিপণন ও সরবরাহব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ছোট ও ভ্রাম্যমাণ খাদ্য ব্যবসায়ীদের নতুন নিয়ম সম্পর্কে আগাম অবহিত হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button