‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে আইনবিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
শফিকুর রহমান আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছেন। এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সমস্যাও জনদুর্ভোগ বাড়াচ্ছে।
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনসাধারণের দুর্ভোগ কমানো এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে ব্যস্ত রয়েছে।
ফেসবুক পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান জামায়াতের আমির। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’



