রাজনীতি

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। এ সময় জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তুলে তিনি দলটির সমালোচনা করেন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির দাবি করেছেন, তাদের দল মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়। তবে হাদিসে কিয়ামতের আগে দাজ্জালের মানুষকে জান্নাতের প্রলোভন দেখিয়ে নিজের অনুসারী করার প্রসঙ্গ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের দেখানো জান্নাতের পথ আসলে কী—এমন প্রশ্ন তুলে দলটির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অবস্থান নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বিদেশিদের সঙ্গে বৈঠকে শরিয়াহ আইন প্রতিষ্ঠা নিয়ে দেওয়া বক্তব্য, গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ এবং শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হওয়ার বিষয়টিও সামনে আনেন।

এ ছাড়া রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে বর্ণনা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং একই সঙ্গে মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার বক্তব্যের মধ্যে সামঞ্জস্য নিয়েও প্রশ্ন করেন রাশেদ খাঁন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমার প্রসঙ্গ তোলার মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন মন্তব্য করেন, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে মানুষকে জান্নাতের পথ দেখানোর দাবি করা হলে, সেই জান্নাতকে দাজ্জালের জান্নাতের সঙ্গে তুলনা করা যায় বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button