বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীর অনুষ্ঠানে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। বিয়ের মাত্র চার মাসের মাথায় তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসেছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে স্বজন ও পরিচিতদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেওয়ার পাশাপাশি ধর্মীয় রীতি অনুসারে দুর্গাপ্রতিমার চরণ ও কপালে সিঁদুর দেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তন্নী। এরপর তিনি মাটিতে পড়ে যান। উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আকস্মিক গুরুতর হৃদ্রোগের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন।



