বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ‘স্নাইপার’ নিয়ে ফেসবুকে মন্তব্য করা যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার নিয়ে মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

তিনি জানান, আটক আবু বকরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এর মধ্যে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে অভিযান চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, মন্তব্যটি দেখে তাঁরা উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মন্তব্যটির পেছনে কোনো হুমকির ইঙ্গিত রয়েছে কি না, তা তদন্তের প্রয়োজনীয়তার কথা জানান।

অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button