
বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া দুই উপজেলার দুই হাজার শিক্ষার্থীকে পানির গ্লাস উপহার দেওয়া হয়েছে।
সাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে তাদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। সাইকেল পাওয়ায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সময়ও বাঁচবে। এতে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে বলে আশা তাদের।
আয়োজকেরা জানান, যাতায়াতের অসুবিধা অনেক সময় মেয়েদের শিক্ষাজীবনে বাধা হয়ে দাঁড়ায়। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভ টিজিংয়ের মতো সমস্যাও তাদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রীদের সাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীর কাছে এ ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রশাসক আবদুস সালামকে সমর্থন দেওয়ার বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকেই মনোনয়ন দেবে না।
ঢাকা দক্ষিণের মেয়র পদে যদি আবদুস সালাম অংশগ্রহণ করেন, তাহলে তাকে সমর্থন দেওয়ার কথা বললেও মনোনয়নের কথা তিনি বলেননি। তার বক্তব্য সম্পূর্ণ প্রচার করা হয়নি বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।



