বাংলাদেশ

টর্চলাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে এ সংঘর্ষ চলে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।

আহত পুলিশ সদস্য নাজমুল হোসেনকে (৪২) উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে জোবায়েদ আহমেদ (২৪), অনন্ত (২০), রবিন আহমেদ (১৮), রাতুল হাসান (২৩), মোস্তফা মিয়া (২২), সুজন মিয়া (২২), সালমান হোসেন (১৬), আরমান মিয়া (১৬) ও সাইফুল হোসেন (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহত ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন ভৈরবপুর এলাকার আরিফ হাজীর সঙ্গে ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকার সোহেল মিয়ার ছেলে ও তার সঙ্গীদের তুচ্ছ একটি বিষয় নিয়ে বিরোধ হয়। শনিবার বিকেলে ঘোড়াকান্দা মোড়ে বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। সেখান থেকে ফেরার পথে সোহেল মিয়ার ছেলে ও তার সঙ্গীরা হাবিব হুজুরের বাড়ি লক্ষ্য করে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও ছাদ থেকে ঢিল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হলে হাবিব হুজুরের বাড়ির যুবকেরা প্রতিবাদ জানাতে এগিয়ে যান। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। টর্চলাইট জ্বালিয়ে চলা সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন।

হাবিব হুজুরের বাড়ির প্রধান আলহাজ হাবিবুর রহমানের অভিযোগ, অন্য একটি এলাকার সঙ্গে সোহেলদের পরিবারের বিরোধ থাকলেও তারা অকারণে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। বিষয়টি জানতে চাইলে তার ছেলেদের ওপর চড়াও হন তারা। পরে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

অন্যদিকে সোহেল মিয়ার দাবি, হাবিব হুজুরের ছেলেরা তাদের বাড়িতে হামলা করতে গেলে তাদের বাড়ির লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়াকান্দায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত এক পুলিশ কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা ঢাকার সিএমএইচে পাঠিয়েছেন।

তিনি আরও জানান, সমিতির কিস্তি পরিশোধকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button