সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, ধাওয়া খেয়ে ককটেল-গুলি বর্ষণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত জিরো লাইন অতিক্রম করে কৃষকের ওপর আক্রমণ চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশের কৃষকরা প্রতিবাদ করলে ককটেল ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা জানান, সন্ধ্যায় বাংলাদেশের কৃষকরা কাজ করছিল। এ সময় বেশ কয়েকজন ভারতীয় বিএসএফ বাংলাদেশের প্রবেশ করে। প্রবেশ করে বাংলাদেশের জমি থেকে তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তারা লাঠি সোটা দিয়ে নিয়ে কৃষকদের উপর হামলা চালায়। পরে কৃষকরাও লাঠি দিয়ে ধাওয়া করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশিদের উদ্দেশ্য করে ককটেল, সাউন্ড বোম ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যেতে বাধ্য হয় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল। বিএসএফের অবৈধ অনুপ্রবেশ এবং গুলি-বোমা বর্ষণের ঘটনার কঠোর ও তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। তবে এ ঘটনার পর থেকে বামনদল সীমান্তে বিরাজ করছে থমথমে অবস্থা। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ৫১ বিজিবির লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকে ডাক দেয়া হয়েছে। এখানে প্রতিবাদসহ এ ধরনের ঘটনা যেন আর না ঘটায় সেটিও বলা হবে।
তিনি আরও বলেন, বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তবে কেন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।



