বাংলাদেশ

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

বাংলা টিভি ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এত দিন ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের মেসেজ পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজটি হবে:

HSC DHA 123456 2026

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানানো হবে।

এসএমএসের পাশাপাশি অনলাইনেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেখা যাবে। এ জন্য নিচের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

প্রকাশিত ফল নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত এসএমএস নম্বর ও সরকারি ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button