বাংলাদেশ

শেষ হলো ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয় শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোটারদের পরিচয় যাচাইয়ের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট ভোটের হার তখনো জানা যায়নি।

উপনির্বাচনে বিভিন্ন বয়সী ভোটারের উপস্থিতি দেখা গেছে। বয়সের ভারে ন্যুব্জ ৮০ বছর বয়সী নুরজাহান বেগম ভাতিজির হাত ধরে ভোটকেন্দ্রে এসে ভোট দেন। নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, কোমরের হাড় ক্ষয়ে যাওয়ায় ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তারপরও ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছেন।

তরুণ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রথমবার ভোট দিতে পেরে অনেকে আবেগাপ্লুত হন। আবার আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কেউ কেউ। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সকালে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পরে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিনি অভিযোগ করেন, ডাব প্রতীকের এজেন্টরা জামায়াতের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতের এজেন্টরা ডাব প্রতীকের কাগজ নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পরে তিনি প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার প্রশ্ন, পরিচয়পত্রে ছবি না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং প্রক্সি দেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন।

উপনির্বাচনে প্রাথমিকভাবে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন।

প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছিলেন। তিনি ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতেই উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। ভোট গণনা শেষে নতুন সংসদ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button