বাংলাদেশ

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, আওয়ামী লীগ একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়াশক্তিতে পরিণত হয়েছিল, যারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সরকারের নিজস্ব হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজারের বেশি। তার অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড চালানো হলেও আওয়ামী লীগ এখন পর্যন্ত এ জন্য ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আওয়ামী লীগ জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল। এ পরিস্থিতিতে দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি মনে করেন।

আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে আসতে চায়, তা নিয়ে তারা বিচলিত নন। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। কেউ দেশে এলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইনের প্রয়োগের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের অভিযোগে সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তার ভাষ্য, আইন প্রয়োগের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।

এদিকে, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ও তার মৃত্যুর কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় আগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হওয়া প্রয়োজন। মরদেহের ময়নাতদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্তের বিস্তারিত তথ্য হাতে পাওয়ার পর এ বিষয়ে কথা বলবেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button