বাংলাদেশ

‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সৌরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনও কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলবো।’

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button