‘আত্রাইয়ের হুজুরে’র পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড়

বাংলা টিভি ডেস্ক: রোগমুক্তির আশায় নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের কাছ থেকে পানিপড়া নিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকেই স্টেশনে মানুষের এমন উপস্থিতি দেখা গেছে। এতে প্ল্যাটফর্মে তৈরি হয়েছে অতিরিক্ত জনসমাগম, ভোগান্তিতে পড়েছেন সাধারণ ট্রেনযাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি। কেউ নিজের রোগমুক্তির আশায়, আবার কেউ পরিবারের সদস্যদের সুস্থতার প্রত্যাশায় আত্রাই যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। অনেকে আবার পরিচিতজনদের সঙ্গে দলবদ্ধভাবে সেখানে এসেছেন।
স্থানীয়দের ভাষ্য, নওগাঁর আত্রাইয়ের ওই হুজুরের পানিপড়া নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ট্রেনে করে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এত মানুষের আসার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে কয়েকজনের দাবি, ওই পানিপড়া গ্রহণ করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
আমবাড়ী এলাকার ক্যান্সারে আক্রান্ত শফিকুল ইসলাম জানান, চিকিৎসা করাতে গিয়ে তার পরিবারের প্রায় সব সম্পদ শেষ হওয়ার পথে। এমন পরিস্থিতিতে হুজুরের পানিপড়ার কথা শুনে শেষ আশায় সেখানে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, আদিবাসী গৃহবধূ রুপালী হাঁসদা জানান, বিয়ের চার বছর পার হলেও তাদের কোনো সন্তান হয়নি। সন্তান লাভের আশায় স্বামী-স্ত্রী দুজনই আত্রাইয়ের ওই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন।
এদিকে অতিরিক্ত মানুষের ভিড়ে নিয়মিত ট্রেনযাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে। নূর ইসলাম নামে এক যাত্রী বলেন, স্টেশনে এসে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে তিনি অবাক হয়েছেন। বিশেষ করে ট্রেন আসার সময় যাত্রীদের ওঠানামায় সমস্যা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। তাই স্টেশন কর্তৃপক্ষের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, কয়েক দিন ধরেই স্টেশনে এমন জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আত্রাইয়ের এক হুজুরের কাছ থেকে পানিপড়া নিতে যাচ্ছেন।
তিনি আরও জানান, ফুলবাড়ী স্টেশন থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী বিভিন্ন ট্রেনে এসব যাত্রী আত্রাইয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। যেসব ট্রেন আত্রাই স্টেশনে থামে না, সেসব ট্রেনের যাত্রীরা সান্তাহার অথবা নাটোরে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।
অতিরিক্ত যাত্রীসমাগমের কারণে সাধারণ যাত্রীদের চলাচল যেন ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।



