কামড় খেয়ে জ্যান্ত সাপ বস্তায় ভরে হাসপাতালে হাজির টাঙ্গাইলের কাদের!

বাংলা টিভি ডেস্ক: সাপের কামড় খেয়েও বিচলিত হননি আবদুল কাদের (৫০)। বরং মোবাইল ফোনের আলো জ্বালিয়ে খুঁজে বের করেন তাকে কামড়ানো সাপটি। পরে সেটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে সরাসরি হাজির হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সাপটি বিষধর নয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে এ ঘটনা। ব্যতিক্রমী এই ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আবদুল কাদেরের বাড়ি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে।
ঘটনার বর্ণনায় কাদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে নির্জন এলাকায় হঠাৎ তার পায়ে সাপের কামড় অনুভব করেন। এরপর ভয় না পেয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে আশপাশে সাপটি খুঁজতে থাকেন। একপর্যায়ে সাপটিকে দেখতে পেয়ে খালি হাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে একটি প্লাস্টিকের বস্তায় বন্দি করেন।
আঙ্গারগাড়া এলাকা সখীপুরের কাছাকাছি হওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য সাপটি সঙ্গে নিয়েই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে জ্যান্ত সাপসহ প্রবেশ করতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। মুহূর্তেই হাসপাতাল চত্বরে ভিড় জমে যায়। উপস্থিত অনেকেই ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এদিকে ঝুঁকি এড়াতে কাদেরের স্বজনেরা স্থানীয় এক সাপুড়েকে ডেকে এনে সাপটি তার হাতে তুলে দেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, কাদেরের সাহসিকতা দেখে চিকিৎসকরাও বিস্মিত হয়েছেন। তবে পরীক্ষা করে সাপটি বিষধর নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণে তাকে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তারপরও সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাপের কামড়ের ঘটনায় এমন ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসক সেলিম কবির বলেন, কাউকে সাপে কামড়ালে সাপ ধরতে গিয়ে সময় নষ্ট করা উচিত নয়। দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে। কারণ সাপ ধরতে গেলে আবারও কামড় খাওয়ার আশঙ্কা থাকে, যা প্রাণঘাতী হতে পারে।



