পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত গরুর সুরক্ষার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গরুর কোনো ধরনের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। কেউ যেন গরুর ওপর আঘাত না করে বা কোনো ধরনের ক্ষতি না করে। এমন ঘটনা ঘটলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ স্থাপনার প্রসঙ্গেও বক্তব্য দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড বন্ধে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
এ ছাড়া যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও বক্তব্য দেন তিনি। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



