বাংলাদেশ

সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রাণ গেল আরিয়ানের

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ান পটুয়াখালীর বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।

নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান পেশায় জুতা ব্যবসায়ী ছিলেন। ফুটপাতে জুতা বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

সোহাগ মিয়া আরও জানান, স্থানীয় কয়েকজন পথচারী আরিয়ানের মোবাইল ফোন ব্যবহার করে তাকে দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মিম নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরিয়ান। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই স্বামীর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানাকেও অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button