বাংলাদেশ

সোনারগাঁওয়ে বিয়ের আগের রাতে মদসহ বর আটক

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আগামী শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকলেও এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের অভিযানে তিনি আটক হন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তার এশিয়ান হাইওয়ে সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে অভিযানে এসআই মামুনুর রশীদসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় শুভর কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক জানান, এক বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে আটকের বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। কারণ, আটক শুভর পরদিনই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button