রাজনীতি

জামায়াতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনা বিভাগের মানুষ: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর আয়োজিত লংমার্চে খুলনা বিভাগের সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নেবে না এবং খুলনাবাসীও এটি প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

জামায়াতের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি নিজেদের আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়ার কথা বললেও কর্মসূচির রুটে গোপালগঞ্জে কোনো পথসভা বা বিরতির ব্যবস্থা রাখেনি। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াত কি এখনো আওয়ামী লীগকে ভয় পায়? নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে গিয়ে পথসভা করে নিজেদের শক্তি দেখানো উচিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগের গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। এ অবস্থায় জামায়াত কেন গোপালগঞ্জে কর্মসূচি রাখছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

খুলনা বিভাগের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, অতীতে এ অঞ্চলকে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। তবে সময় বদলেছে এবং খুলনার মানুষ কোনো ধরনের রাজনৈতিক অপকৌশল গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের পরাজয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, দলটির ‘জান্নাতে যাওয়ার টিকিট’ দিয়ে এখন আর ভোটারদের প্রভাবিত করা যাচ্ছে না। নির্বাচনে জামায়াত ব্যাপক প্রচারণা চালিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আসনটিকে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে অভিহিত করেন রাশেদ খাঁন।

এ ছাড়া বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ওই মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগসংশ্লিষ্ট মহলে উচ্ছ্বাস দেখা গেছে বলে তাঁর মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button