রাজনীতি

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

বাংলা টিভি ডেস্ক: জাপান সফরে গিয়ে খাবার খাওয়ার প্রচলিত নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বিশেষ করে খাবার খাওয়ার সময় কোন হাতে ছুরি আর কোন হাতে কাঁটা চামচ রাখতে হয়, সে বিষয়ে আগে তার স্পষ্ট ধারণা ছিল না বলে জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাওয়ার অভিজ্ঞতা ছিল বেশ আনন্দদায়ক। সফরে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তবে দেশে ফেরার পথে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে সেটি সমাধান হওয়ায় নিরাপদে দেশে ফিরতে পেরেছেন বলে জানান তিনি।

জাপানের আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বেশ ঠান্ডা অনুভূত হয়েছে। তবে বাংলাদেশে ফিরে আবহাওয়া তার কাছে তুলনামূলক অনেক বেশি গরম মনে হচ্ছে।

সফরের একটি ভিন্ন অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তারেক রহমান বলেন, জাপানে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের পদ্ধতি তার কাছে নতুন ছিল। কোন হাতে কোনটি ব্যবহার করতে হয়, তা আগে জানা ছিল না। সাধারণ ধারণা থেকে তিনি ভেবেছিলেন, যেহেতু কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়া হয়, তাই সেটি ডান হাতে নেওয়াই স্বাভাবিক। সে অনুযায়ী তিনি ডান হাতে কাঁটা চামচ ব্যবহার করেছিলেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, যারা এ নিয়ে লিখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। জাপান সফরে আরও অনেক অভিজ্ঞতা হয়েছে, সেগুলোও সময়মতো সবার সঙ্গে ভাগ করে নেবেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত সোমবার চার দিনের সফরে দেশটিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। একই সফরে অংশ নেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button